শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
গোলাম কিবরিয়া, রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে অন্য কমিশনে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আহ্বানে মোহনপুর উপজেলা নির্বাচন অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে নানা স্তরের কর্মচারী ও নাগরিকরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, অফিস সহকারী রায়হান আলী, ডাটা এন্ট্রি অপারেটর সজিব হোসেন, বিশ্বজিৎ, স্ক্যানিং অপারেটর শাহানাজ পারভিন, অফিস সহায়ক আব্দুল সামাদ, ভোটার তালিকা হালনাগাদ সুপারভাইজার কামরুজ্জামান, প্রভাষক আব্দুল মমিন, এনামুল করিম, মুঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আজিমুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন কর্মকর্তা ও নাগরিক।
মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম বলেন, “যদি দুটি অফিসে এনআইডি সেবা পরিচালনা করা হয়, তবে জনগণকে বিভ্রান্তি ও ঝামেলায় পড়তে হবে। এ সিদ্ধান্তে সেবা প্রাপ্তিতে নানা সমস্যা তৈরি হবে, যা জনগণের জন্য বিপদজনক। আমরা অনুরোধ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের নিয়মে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক।”
এদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, যদি জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশনের অধীনে না থাকে, তবে স্থানীয় পর্যায়ে সেবা মান কমে যেতে পারে। তাঁদের মতে, এটি নির্বাচনী কমিশনের স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণকে নানা জটিলতায় ফেলবে।