শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
“তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা”—ভোলা জেলা উত্তর খেলাফত যুব মজলিসের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুবাইরুল হক, ভোলা
আজ ১৪ রমযান, ১৫ মার্চ শনিবার, বিকাল তিনটায় ভোলা জেলা পরিষদ হল রুম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ভোলা জেলা উত্তর-এর উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য ইফতার মাহফিল ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল— “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা”।
সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীন, এবং সঞ্চালনা করেন প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর-এর সভাপতি মাওলানা মাকসুদ সাহেব। এছাড়াও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালক ও ইসলামি চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদ সাহেব বলেন— “স্বৈরাচারী সরকার দেশে ইসলামি মূল্যবোধ ধ্বংসের অপচেষ্টা চালিয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহ তায়ালা অন্যায়কারীদের ধ্বংস করেছেন এবং ভবিষ্যতেও যাঁরা সত্যের বিরুদ্ধে অবস্থান নেবে, তারাও একই পরিণতির শিকার হবে।”
সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীন বলেন— “স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত স্বাধীনতা পাইনি। আমাদের মা-বোনদের ওপর জুলুম চলছে, যা মুসলমানদের জন্য চরম লজ্জার। ইসলামি খেলাফত প্রতিষ্ঠা ছাড়া এ অবস্থা থেকে মুক্তি মিলবে না। তবে আগে নিজেদের জীবনকে ইসলামের আলোয় গড়ে তুলতে হবে।”
এছাড়া সদ্য প্রয়াত যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফেজ বেলাল (রাহ.)-এর স্মৃতিচারণ করা হয় এবং তাঁর এতিম সন্তানদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।
এই মাহফিল ছিল শুধু ইফতার আয়োজন নয়, বরং একটি আত্মজাগরণের আহ্বান, যেখানে বক্তারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে ইসলামি পথনির্দেশনার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।