রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
মো: শাকিল আহমেদ, জামালপুর জেলা প্রতিনিধি
রমজানে বাজারে দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কড়া নজরদারি, বিক্রেতাদের হুঁশিয়ারি!
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে জামালপুর জেলা প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। সোমবার (১০ মার্চ) দুপুর ১:১৫ মিনিটে জামালপুর পৌর শহরের গেইটপাড় শফিমিয়ার বাজারে হঠাৎ উপস্থিত হন জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
প্রশাসনের এই আকস্মিক পরিদর্শনে পাইকারি ও খুচরা দোকানদারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাজারদর পর্যবেক্ষণকালে ক্রেতাদের কাছে কেনার রশিদ চাওয়া হয় এবং দোকানে মূল্য তালিকা টানানো আছে কিনা তা যাচাই করা হয়। কোনো দোকানদার বাজারমূল্যের চেয়ে বেশি দাম নিলে বা নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
এ সময় ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও, কিছু ব্যবসায়ী গোপনে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের কঠোর মনিটরিংয়ে রমজানে নিত্যপণ্যের বাজার কতটা স্থিতিশীল থাকে, তা দেখার অপেক্ষায় জনসাধারণ!