রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে ভুল চিকিৎসার অভিযোগে লিপি বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টায় জামালপুর সদরের নান্দিনা স্টেশন রোডে তালুকদার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা।
নিহত লিপি শ্রীপুর ভালুকা বাজার পূর্বপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা পালিয়ে যান। তবে বিক্ষুব্ধ জনতা হাসপাতালের পরিচালক ডা. নাইম তালুকদারকে অবরুদ্ধ করে রাখে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামালপুর সদর থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, হাসপাতালের অনিয়ম ও চিকিৎসায় গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।