রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক। ছাত্র-জনতা হত্যা মামলায় তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির। তিনি জানান, আশুলিয়া থানার বহুল আলোচিত ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এম এ মালেককে রাতের আঁধারে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে, যা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদে প্রবেশ করেন। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বেনজীর আহমেদের কাছে পরাজিত হন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মালেককে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে তোলা হবে এবং তার রিমান্ড আবেদন করা হবে।