বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে সরকার আগামী সময়ের মধ্যে প্রায় তিন লাখ টন গম ও বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে। এর মধ্যে ২ লাখ ২০ হাজার টন গম এবং ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল আমদানি করার পৃথক প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, খাদ্য অধিদপ্তর জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এ্যাগ্রোক্রপ ইনাটারন্যশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকায় ২ লাখ ২০ হাজার টন গম আমদানির কাজ করবে। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৮ মার্কিন ডলার।
সেইসাথে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের এম.এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকায় ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল ক্রয় করা হবে।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী ঢাকা ওয়াসারের ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় আসিবি-০১.১৩ প্যাকেজের জন্য ভেরিয়েশন অনুমোদন দেওয়া হয়েছে। মূল চুক্তি ছিল ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকা, ভেরিয়েশনের পর চূড়ান্ত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। কাজটি সম্পন্ন করবে আরএফএল প্লাস্টিক লিমিটেড।
এছাড়া সভায় বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।