শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
চার বছর আগে, ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়। মুহূর্তের মধ্যে নির্বাচিত সরকার ভেঙে পড়ে, মার্কিন সেনারা দেশ ছেড়ে পালিয়ে যায়, আর আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান হয়ে পড়ে প্রায় একঘরে। তবে দীর্ঘ বিচ্ছিন্নতার পর অবশেষে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে দেশটিতে—বিশ্ব সম্প্রদায় আবারও আফগানিস্তানের দিকে হাত বাড়াচ্ছে।
চীন ও রাশিয়ার পর এবার ভারতও তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে। কূটনৈতিক এই উষ্ণতার অংশ হিসেবেই চলতি মাসে নয়াদিল্লি সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে সাময়িকভাবে তার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, ফলে ভারতের উদ্দেশে তার ঐতিহাসিক সফরের পথ খুলে গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো—তালেবান ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা ভারতে যাচ্ছেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুত্তাকি ৭ অক্টোবর মস্কো সামিটে অংশ নেবেন। সেখানে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এরপরই তিনি ভারতের রাজধানীতে পৌঁছাবেন। রয়টার্স জানায়, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে এই সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে।
যদিও তার সফরে কোন বিষয়গুলো আলোচনায় আসবে, তা এখনো পরিষ্কার নয়। তবে কূটনৈতিক মহল মনে করছে, মুত্তাকির এই সফর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সংলাপের পথ তৈরি করবে। ভবিষ্যতে ভারতের কোনো মন্ত্রী আফগানিস্তান সফরেও যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এখন দেখার বিষয়, দিল্লি-কাবুলের নতুন সম্পর্ক কোন মোড়ে গড়ে ওঠে এবং বিশ্ব মঞ্চে আফগানিস্তানের পুনরুত্থান কতটা দৃশ্যমান হয়।