শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
“জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের অভ্যুদয়: এক ভিন্ন পথের সূচনা”
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির উন্মেষ! জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে, যার উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাদে একদল শিক্ষার্থীর সঙ্গে আলী আহসান জুনায়েদ এই সভায় মিলিত হন। নতুন প্ল্যাটফর্মের ইডিওলজি, অর্থের উৎস, নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অপ্রতিরোধ্য। কিন্তু গোষ্ঠীস্বার্থের কারণে অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে তার সঠিক প্রতিফলন ঘটানো হয়নি। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে চাই, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারব।”
এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি প্রতিষ্ঠা করা, যেখানে সমাজের সব শ্রেণি ও জনগণের প্রতিনিধিত্ব থাকবে।
মতবিনিময় সভার আয়োজক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির অবদানের স্বীকৃতি, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। এজন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজন, যা মানুষের আকাঙক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা আশা করছি এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফর্ম এই উদ্দেশ্যে সাফল্য লাভ করবে।”
এমতাবস্থায়, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ বাংলাদেশের জনগণের জন্য এক নতুন আশার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তা ও আয়োজকরা।