মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সীমান্তে নতুন ইতিহাস, ভাসমান বিওপির যাত্রা শুরু!
অনলাইন ডেস্ক
১৭ মে ২০২৫ খ্রিষ্টাব্দ, দেশের সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায় যুক্ত হলো সাতক্ষীরা সুন্দরবনের জলসীমান্তে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিজিবির বয়াসিং ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
সুন্দরবনের বুক চিরে প্রবাহিত জলের বুকে স্থাপনকৃত এই ভাসমান বিওপি সীমান্ত রক্ষায় এক অভিনব ও কৌশলগত অগ্রগতি। উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে মাননীয় উপদেষ্টা সাতক্ষীরাস্থ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ান পরিদর্শন করেন, যেখানে তিনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেন এবং জওয়ানদের মনোবল বাড়াতে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এই ভাসমান বিওপি স্থাপনার মাধ্যমে বিজিবি এখন আরও সক্রিয়ভাবে জলসীমান্তে নজরদারি, চোরাচালান প্রতিরোধ, বন সম্পদ রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় এই উদ্যোগ একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের ভাসমান বিওপি স্থাপন সরকারের আধুনিক ও কৌশলগত পরিকল্পনারই বাস্তব রূপ। স্থানীয় জনগণ, প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এই বিওপি ভবিষ্যতে দেশের সীমান্ত ব্যবস্থাপনায় একটি সফল মডেল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।