শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালের তদন্ত শেষের নির্দেশ
জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শেষ সময় ২০ এপ্রিল নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত নেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল নির্দেশ দেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ ৪৬ জন নেতার বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে।
তৎকালীন শেখ হাসিনা সরকার ছাত্র আন্দোলনকে রক্তাক্ত করতে সামরিক ও পুলিশ বাহিনী ব্যবহার করে নির্বিচারে গুলি চালায়, যার ফলে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। ৫ আগস্ট, তীব্র গণবিক্ষোভের মুখে ১৫ বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটে হাসিনা সরকারের। এর পরপরই শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা জুলাই-আগস্টের গণহত্যার বিচার শুরু করার সিদ্ধান্ত নেয়।
স্বাধীনতার প্রায় চার দশক পর ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের পর রাজনৈতিক চাপ ও বিচারিক অনিয়মের কারণে ট্রাইব্যুনালের কার্যক্রম শিথিল হয়ে পড়ে। তবে হাসিনা সরকার পতনের পর ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম পুনরায় জোরালোভাবে শুরু হয়েছে।