সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
গাছের ডালে ডালে ফুটে উঠেছে সজনে গাছের সাদা ফুল। বসন্তের শেষ লগ্নে বাজারে দেখা মেলে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটার। এটি কেবল রসনাবিলাসে নয়, স্বাস্থ্য রক্ষায়ও অনন্য। সজনের তরকারি কিংবা ডাল অনেকেরই পছন্দের খাবার। শুধু ডাঁটাই নয়, এর পাতা শাক হিসেবেও খাওয়া যায়। কিন্তু এই আশ্চর্য সবজিটির অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না।
সজনে ডাঁটায় ভরপুর রয়েছে ভিটামিন সি, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীরকে ঠান্ডা, জ্বর এবং কাশি থেকে রক্ষা করে। তাই সুস্থ থাকতে নিয়মিত সজনে ডাঁটার তরকারি বা সুপ খাওয়ার অভ্যাস করুন।
এই সবজি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। বিশেষত, উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে ডাঁটা ও পাতার তরকারি খুবই উপকারী।
হজমের সমস্যা হলে সজনে হতে পারে আপনার নির্ভরযোগ্য সমাধান। বদহজম, পেট ব্যথা বা গ্যাসের সমস্যায় সজনের তৈরি সুস্বাদু তরকারি তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে।
ডায়াবেটিস রোগীদের জন্য সজনে এক আশীর্বাদ। এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।
শক্তিশালী হাড় গঠনে সজনে অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা হাড়কে মজবুত রাখতে সহায়তা করে। সেই সঙ্গে, এটি রক্ত বিশুদ্ধ করতে দারুণ কার্যকর।
সজনে ডাঁটায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং শরীরকে চাঙ্গা ও সজীব রাখে। তাই সুস্থতা ও স্বাদ—দুইয়ের সমন্বয়ে সজনে হতে পারে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অপরিহার্য একটি সংযোজন!