মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
মারণাস্ত্র ছাড়াই চলবে পুলিশ, নিরাপত্তায় আসছে নতুন কড়াকড়ি
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে আর কোনো প্রাণঘাতী অস্ত্র রাখা হবে না। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
তিনি সাফ জানিয়ে দেন, পুলিশের হাতে মারণাস্ত্র থাকা একেবারেই অগ্রহণযোগ্য। যাদের হাতে এখনো রয়েছে, তাদের দ্রুত সেগুলো ফিরিয়ে দিতে হবে।
উপদেষ্টা আরও বলেন, আমরা কড়া সিদ্ধান্তে গিয়েছি—পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। সব অস্ত্র জমা দিতে হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ব্যতিক্রম, কারণ তাদের দায়িত্ব পুলিশের চেয়ে আলাদা এবং অনেকটাই বিশেষায়িত।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়ে এক প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, র্যাব পুনর্গঠন নিয়ে জোর আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে তিনি বলেন, ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধ করতে হবে। কিন্তু কেউ যদি বেআইনি দাবি তোলে, তা একদমই সহ্য করা হবে না—প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোরবানির মৌসুম সামনে রেখে প্রতিটি গরুর হাটে ১০০ জন আনসার মোতায়েন করা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তাঘাটে চাঁদাবাজি চলবে না—এ নিয়ে জিরো টলারেন্সে যাওয়া হয়েছে।