মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
পুলিশের ভুল অভিযানে নতুন করে আলোচনার ঝড়!
অনলাইন ডেস্ক
নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পরোয়ানা নিয়ে অভিযান চালিয়ে চরম বিতর্কের মুখে পড়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে ভুল বুঝতে পেরে প্রকাশ্য ক্ষমা চেয়েছে ডিএমপি, আর অভিযানে নেতৃত্ব দেওয়া এসআইকে তড়িঘড়ি করে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর শাহিনবাগে মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য অভিযানে যায়। অভিযানের সময় তারা গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ঠিকানায় হানা দেয়, যা নিয়ে মুহূর্তেই তীব্র সমালোচনা শুরু হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্ত ওই দলটির কেউ জানত না যে এটি দীর্ঘদিন নিখোঁজ থাকা বিএনপি নেতা সুমনের বাড়ি। তাদের অসাবধানতাজনিত এই ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পরপরই এসআই আকরামকে দায়িত্ব থেকে সরিয়ে (ক্লোজ) দেওয়া হয়েছে।
ডিএমপি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত প্রত্যেক নাগরিকের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে ডিএমপি বলেছে, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ।