রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ইতিবাচক রয়েছে এবং সবার সহযোগিতা পেলে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। সোমবার সকালে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ কিংবা বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়েরের সুযোগ সোমবার (৫ জানুয়ারি) থেকেই শুরু হয়েছে।
আজ থেকে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কোনো সরকারি সেবাদানকারী সংস্থা অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন।
আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রের আওতায় অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীরা তাদের আপিল আবেদন জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল কার্যক্রম সম্পন্ন হবে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা আরও জোরদার হবে।