শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নামেই সব ক্ষোভ, রাজপথে তপ্ত ছাত্রদের প্রতিরোধ!
অনলাইন ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গাজীপুরের গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ মে) সকালেও আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তারা দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থী ফখরুল হাসান ফয়সাল গণমাধ্যমকে জানান, রাতের আঁধারেও তারা ইউজিসির সামনে প্রহর গুণেছেন। তাঁর ভাষায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা একচুলও পিছু হটবেন না। কেবল শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নিশ্চয়তা—বিশ্ববিদ্যালয়ের নতুন নাম প্রস্তাব পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে—তাহলেই তারা কর্মসূচি স্থগিত করবেন।
নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা চারটি বিকল্প প্রস্তাব দিয়েছেন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এই তালিকা থেকে যেকোনো একটি নাম চূড়ান্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে, সোমবার (১৯ মে) ‘লংমার্চ টু ইউজিসি’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তারা গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে দুপুরে ইউজিসির সামনে উপস্থিত হন এবং রাতটি সেখানেই কাটান।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলাপ করেছেন বলে জানা গেছে।
তবে ইউজিসির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ক্ষমতা তাদের নেই। এটি একটি আইন সংশোধন সাপেক্ষ বিষয়, যার একমাত্র এখতিয়ার সরকারের। ইউজিসি কেবল প্রস্তাব দিতে পারে—যা ইতোমধ্যে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে স্থাপিত হয় এই বিশেষায়িত প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়। এর প্রাথমিক নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এর নাম বদলে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
তারা শুরুতে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণের দাবিতে আন্দোলনে নামেন। স্মারকলিপি, মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন, রেল অবরোধ থেকে শুরু করে শাটডাউন—সবধরনের কর্মসূচি পালন করেছেন তারা।
আশ্বাসের ভিত্তিতে আন্দোলন একাধিকবার স্থগিত হলেও শিক্ষার্থীদের মূল দাবি আজও অপূর্ণ। এবার বিকল্প চারটি নাম উপস্থাপন করে যেকোনো একটি গ্রহণের দাবি জানাচ্ছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষণা—এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।