শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক রহস্যময় চর্মরোগ স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা। রোগটি ছোঁয়াচে এবং দ্রুত এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ছে।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন জানান, “শত শত চর্মরোগের মধ্যে স্ক্যাবিস সবচেয়ে ছোঁয়াচে। বৃহস্পতিবার চেম্বারে রোগী দেখছিলাম, একের পর এক স্ক্যাবিস আক্রান্ত! বিশেষ করে হল ও মেসে থাকা শিক্ষার্থীরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “আঙ্গুলের ফাঁকে, কব্জির কাছে, বগলে ও নাভিতে ছোট ফুসকুড়ি দেখা দেয়। রাত হলেই চুলকানি মারাত্মক আকার নেয়। ঘনিষ্ঠভাবে একসাথে থাকা ব্যক্তিদের মধ্যে এটি সহজেই ছড়িয়ে পড়ে।”
চেম্বারের বাইরে অপেক্ষমানদের সাবধান করে তিনি বলেন, “দয়া করে দূরত্ব বজায় রেখে বসুন। রোগটি পাশের জনের মধ্যেও সহজে ছড়াতে পারে।”
চমকে দেওয়ার মতো তথ্য দিয়ে তিনি বলেন, “মেডিকেল সেন্টারে এই রোগের ওষুধই ছিল না! তাই প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লীপিকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অনুরোধ জানাই।”
প্রশংসা করে তিনি বলেন, “শুক্র ও শনি ছুটির দিনেও তিনি দায়িত্ব পালন করেছেন। ওষুধ কিনে তা ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দেন। এখন থেকে রাবি চিকিৎসাকেন্দ্রেই স্ক্যাবিস চিকিৎসার সব ওষুধ পাওয়া যাবে। এজন্য প্রধান চিকিৎসককে ধন্যবাদ না জানিয়ে পারছি না।”
এই ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও, স্ক্যাবিস মোকাবিলায় এখনই সচেতন না হলে বিপদ আরও বাড়তে পারে।