রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় পুলিশের কনস্টেবল মো. মুকুল চকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার পর বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বেলা পৌনে বারোটার দিকে আদালতে মুকুল চকদারকে কাঠগড়ায় হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে মুকুলকে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার সঙ্গে মুকুলের সংশ্লিষ্টতার বিষয়ে আদালতে তথ্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পুরো সময়টি আদালতের কাঠগড়ায় নিশ্চুপ বসে ছিলেন আসামি মুকুল।
শুনানি শেষে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাভারের আশুলিয়ায় ছয়জনকে নির্মমভাবে হত্যা করে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। মামলার তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট সমস্ত তথ্য তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন সাবেক এমপিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।