শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীমণির জেরা পেছাল, আদালতে অসুস্থ তিনি
অনলাইন ডেস্ক
আলোচিত বোটক্লাব কাণ্ডে শ্লীলতাহানির অভিযোগে করা মামলার জেরা দিতে আদালতে উপস্থিত হন ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরীমণি। তবে আদালতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, ফলে জেরার দিন পিছিয়ে যায়। আদালত তার আবেদনের প্রেক্ষিতে নতুন দিন ঠিক করেছে ৯ সেপ্টেম্বর।
সোমবার (২৬ মে) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার এজলাসে পৌঁছান পরীমণি। শুনানির শুরুতেই জানানো হয়, বিকেল সাড়ে ৩টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। সেই সময় পর্যন্ত নিজের গাড়িতে অপেক্ষা করেন পরীমণি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি আদালতকে তার অসুস্থতার বিষয়টি জানান এবং জেরার জন্য সময় চান। আদালত তার আবেদন মঞ্জুর করে পরবর্তী জেরা গ্রহণের দিন ধার্য করেন ৯ সেপ্টেম্বর। এরপর পরীমণি আদালত ত্যাগ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন রাজধানীর অভিজাত বোটক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। মামলায় আরও চারজনকে অজ্ঞাতনামা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত শেষে, একই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ১৮ মে মামলার বিচার শুরু হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে। এরপর ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের সূচনা হয়। তবে গত বছরের ২৪ জুলাই জবানবন্দি দিতে দ্বিধায় ভুগছিলেন তিনি। তার আইনজীবীর ক্যামেরা ট্রায়ালের আবেদন আদালত মঞ্জুর করে। পরে, ২২ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এই মামলায় পরীমণির জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানিতে আদালতের মুখোমুখি হবেন পরীমণি, আর তখনই জানা যাবে বহুল আলোচিত এই মামলার পরবর্তী মোড়।