মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
দায় স্বীকার, বিভেদ নয়—এবার একতার পথে মাহফুজ!
অনলাইন ডেস্ক
দেশের সার্বিক অবস্থাপ্রেক্ষিতে ব্যক্তিগত আদর্শ, সম্মান বা আবেগ নয়—দেশই বড়, এমন বার্তা দিয়ে সাম্প্রতিক নানা বিতর্কিত মন্তব্য ও শব্দচয়নের জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী প্রতিটি শক্তির প্রতি সম্মান রেখে কাজ চালিয়ে যেতে চান।
মাহফুজ আলম লেখেন, ‘দেশের জন্য জাতীয় ঐক্যই শেষ কথা। আগের যেকোনো বক্তব্য বা শব্দচয়ন যদি অনাকাঙ্ক্ষিত বিভাজন সৃষ্টি করে থাকে, তাহলে আমি গভীরভাবে দুঃখিত। সরকারে আর যদি একটি দিনও থাকি, তবুও সব অভ্যুত্থান-সম্পৃক্ত শক্তির প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’
তিনি আরও লেখেন, ‘পুরোনো ক্ষমতাকেন্দ্রিক কৌশল, যেগুলো মানুষকে বিভক্ত ও একে অন্যের শত্রুতে পরিণত করেছে—সে ধরনের স্লোগান ও আখ্যাবাচী পরিহার না করলে কখনোই একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।’
দেশের শত্রুরা এখন আরও সংঘবদ্ধ ও আগ্রাসী—এমন হুঁশিয়ারি দিয়ে মাহফুজ বলেন, ‘আজ সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামো চরম ঝুঁকিতে। যারা জুলাই অভ্যুত্থানে দেশপ্রেমিক চেতনায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, তাদের সামনে এখন কঠিন পরীক্ষা। এই পরীক্ষা একতা ও ধৈর্যের, এবং তা সফলভাবে উতরে যাওয়াটাই আমাদের দায়িত্ব।’
এই পোস্টটি প্রথমে নজরে আসে জনপ্রিয় গণমাধ্যম-এর।