শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
জাবির প্রশাসনে বদলের হাওয়া, চার নতুন নিয়োগ!
রকিব হাসান প্রান্ত ,জাবি প্রতিনিধি
জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই আবাসিক হলের প্রভোস্ট, পরিবহন অফিস এবং বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষকসহ প্রশাসনিক চারটি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফির স্থলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন, নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট হিসাবে অধ্যাপক ড. মোহাম্মদ জাহানঙ্গীর আলমের স্থলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা নিয়োগ পেয়েছেন।
এছাড়াও, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. আওলাদ হোসোনের স্থলে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুর ইসলাম,বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. সুবর্নার স্থলে গণিত বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান খান-নিয়োগ পেয়েছেন।
নতুন দায়িত্ব প্রাপ্তি নিয়ে নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন- বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার উপর যে আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছে, আমি তা যথাসাধ্য পালন করার চেষ্টা করবো। আগামীকাল আমি হলে গিয়ে সার্বিক বিষয়ে সকলের সাথে কথা বলবো।
সদ্য দায়িত্ব প্রাপ্ত পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. শফিকুর ইসলাম বলেন- বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিবহন বিভাগ। পরিবহণ নিয়ে শিক্ষার্থীদের অনেক দাবি-দাওয়া আছে। কিভাবে সকল সমস্যা সমাধান করা যায় তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করবো।
অফিস আদেশদ্বয়ে আরো জানানো হয়, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে উক্ত নিয়োগ বাতিল করা যাবে।