শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
“কুয়েটে বীর শহিদদের শ্রদ্ধা ও স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক সত্য—এক অনন্য উদযাপন!”
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজন ও ঐতিহাসিক প্রেক্ষাপট পুনরালোচনার মাধ্যমে। ২৬ মার্চ সকাল ১১টায় ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা”-এর পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্বপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, যিনি অনুষদের ডিনবৃন্দ, পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল এবং কর্মচারী সংগঠনসমূহ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
উদযাপনের অংশ হিসেবে সকাল ১১:৩০টায় অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যেখানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্বপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানে শহিদদের স্মরণ করেন। তিনি বলেন, “২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যার পর ২৬ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন, যা বাঙালি জাতিকে দিকনির্দেশনা দেয় এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। এ ঘোষণার ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হলেও এটি চিরসত্য, যা বাংলাদেশকে স্বাধীনতার পথে পরিচালিত করেছে।”
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সায়েন্স এন্ড হিউম্যানেটিস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এম. তৌহিদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মোঃ সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল গণি ভূঁইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুব আলম, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আওলাদ হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক এবং কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব।
উল্লেখ্য, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১টায় পুরস্কার বিতরণ এবং যোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।