শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
গাজায় রক্ত ঝরছে, আর কতদিন চুপ থাকবে বিশ্ব?”—জাহাঙ্গীরনগরে উত্তাল বিক্ষোভ
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “মার্চ ফর প্যালেস্টাইন” কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৯ মার্চ) রাত ১০টায়, শতাধিক শিক্ষার্থী বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘জায়নাজম নিপাত যাক’—এমন প্রতিবাদী স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তুলেন।
সমাবেশে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা যখন সেহরি-ইফতার নিয়ে ভাবি, তখন ফিলিস্তিনি শিশুরা ভাবে, তারা সেহরি পর্যন্ত বেঁচে থাকবে কি না!” তিনি আরও বলেন, “ইসরায়েল যতদিন হামলা চালাবে, ততদিন আমরা প্রতিরোধ চালিয়ে যাব। দরকার হলে যুদ্ধ করবো!”
মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, না হলে নির্যাতনের শিকার হতে হতে একসময় অস্তিত্ব হারাবে!”
বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করতে।