শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, অচলাবস্থার (শাটডাউন) দ্বিতীয় দিনে প্রবেশ করেছে দেশটি। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পারস্পরিক দোষারোপে রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হচ্ছে, কিন্তু সমাধানের কোনো আলোর রেখা এখনো দৃশ্যমান নয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাজেট অফিসের পরিচালক রাস ভাউগটের সঙ্গে বৈঠকে বসে কোন কোন প্রকল্প কেটে ফেলা হবে, তা নির্ধারণ করা হবে। ইতোমধ্যে হোয়াইট হাউস ব্লু স্টেটগুলোর কয়েক বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প স্থগিত কিংবা বাতিল করেছে।
সরকারি কর্মীদের জন্যও আসছে দুঃসংবাদ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সতর্ক করে জানিয়েছেন, ব্যাপক ছাঁটাইয়ের শঙ্কা রয়েছে—হাজার হাজার ফেডারেল কর্মী চাকরি হারাতে পারেন।
অন্যদিকে ইয়ম কিপুর ধর্মীয় ছুটির কারণে বৃহস্পতিবার সিনেটে কোনো ভোট হয়নি। প্রতিনিধি পরিষদ সাত সপ্তাহের অস্থায়ী অর্থায়ন বিল পাস করলেও সিনেটে দ্বন্দ্ব কাটেনি। ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা কর ছাড়ের মেয়াদ বাড়ানো এবং প্রেসিডেন্টের একক ক্ষমতায় অনুমোদিত তহবিল বাতিলের সীমা টানতে চাচ্ছে।
সিনেটে শুক্রবার প্রতিনিধি পরিষদ পাস করা বিল ও ডেমোক্র্যাটদের বিকল্প প্রস্তাব নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে।
📚 সূত্র: সিবিসি নিউজ