শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ক্যাসিনো কাণ্ডে সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসা গ্রেফতার: ৩ দিনের রিমান্ডে চাঞ্চল্য
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক বেগম শারমিন নাহার এই আদেশ দেন।
এর আগে, রোববার রাতে রাজধানীর ইস্কাটন থেকে আলোচিত এই নেত্রীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে, শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় মোনালিসাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া, পলি খাতুন নামে এক নারীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
মেহেরপুরের রাজনৈতিক অঙ্গনে মোনালিসার গ্রেফতার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার রাতে তার গ্রেফতারের খবরে মেহেরপুর শহরসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, মোনালিসা দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছেন এবং অবৈধ জুয়ার সাম্রাজ্য গড়ে তুলেছেন।
মেহেরপুরে ‘ক্যাসিনো কুইন’ নামে পরিচিত মোনালিসার কর্মকাণ্ড সম্পর্কে মুখ খুলেছেন সাবেক মন্ত্রীর ছোট ভাই ও জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, যিনি নিজেও বর্তমানে দুটি মামলায় গ্রেফতার। তিনি বলেন, ‘মোনালিসা অনলাইন জুয়ার মূল নিয়ন্ত্রক ছিলেন। পুলিশকে ব্যবহার করে মাসে চার-পাঁচ কোটি টাকা আয় করতেন। ক্ষমতা হারানোর পর ৫০ কোটি টাকা দিয়ে মামলা থেকে বাঁচার চেষ্টা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার ভাই ফরহাদ হোসেন নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে, ঢাকায় একাধিক সম্পত্তি রয়েছে। টাকা ছাড়া কিছুই হতো না। এসবের মূল পরিকল্পনাকারী ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। আজ তাদের অপকর্মের জন্য আমরা সবাই ঘরছাড়া, মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছি।