শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
দিন দুপুরে ৩৪ লাখ ছিনতাই! কোথায় নিরাপত্তা?
অনলাইন ডেস্ক
দিনাজপুরের বিরলে দিনের আলোয় প্রকাশ্যে এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা লুটে নিয়েছে দুর্ধর্ষ ছিনতাইকারীরা।
বুধবার (২৫ জুন) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজের পাশে সংঘটিত হয় এই ভয়াবহ ঘটনা।
ভুক্তভোগী ব্যবসায়ী হচ্ছেন বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর বড়বাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. মইনুল ইসলাম। গণমাধ্যমকে তিনি জানান, সিসি লোনের টাকা জমা দিতে মোটরসাইকেলযোগে দিনাজপুর অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখায় যাচ্ছিলেন। ঠিক তখনই চারজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে থাকা আরও দুজন এসে মিলিত হয়।
তখন ছয়জন দুর্বৃত্ত অস্ত্র তাক করে তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘটনা ঘটে যায়।
এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর গণমাধ্যমকে জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।