শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সাভারের আশুলিয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন চারজন। সোমবার দুপুরে আশুলিয়ার জিরাবো তৈয়বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তৈয়বপুর এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন আরিফ, রুবেল, হিমু ও সাইদুর রহমান। কিন্তু গত কয়েকদিন ধরে স্থানীয় ইসহাক আলী, আব্দুল খালেক, আমজাদ হোসেন, মাহফুজ, তুহিন ও শাহিন ব্যবসাটি দখলের চেষ্টা চালাচ্ছিলেন।
দখল করতে না পেরে অভিযুক্তরা প্রথমে ডিস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীরা কাটা তার দেখতে গেলে প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা অতর্কিতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর জখম হন আরিফ হোসেন, হিমু, রুবেল ও ইমু। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি শহিদুল ইসলাম ডাবলু বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান।