শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
“সাভারে পেশাগত বিরোধে রং মিস্ত্রির নৃশংস হত্যাকাণ্ড, রহস্য ঘনীভূত!
অনলাইন ডেস্ক,
সাভারের বিরুলিয়ায় শুক্কুর সিকদার (৩৪) নামে এক রং মিস্ত্রিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তার এক সাবেক সহকর্মীকে। স্থানীয়রা রক্তাক্ত মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর সিকারদার পাড়া এলাকার রাস্তার ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত শুক্কুর সিকদার ওই এলাকার গিয়াস উদ্দিন গেদুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সামাইর সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় এক রক্তমাখা মরদেহ দেখতে পান এলাকাবাসী। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে দ্রুত সেখানে পৌঁছায় সাভার মডেল থানার সদস্যরা।
ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল ইসলাম জানান, ‘স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে শুক্কুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলা ও মুখে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত শনিবার গভীর রাতে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে খুনিরা।’
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একই এলাকার রবিউল ইসলামকে। জানা গেছে, শুক্কুর ও রবিউল একসময় একসঙ্গে রংয়ের কাজ করতেন। তাদের মধ্যে পেশাগত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।
ওবায়দুল ইসলাম আরও বলেন, ‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়, তবে পূর্ববিরোধ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’