শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অবশেষে ধরা পড়ল বোয়ালমারীর ভয়ংকর মাদক সম্রাট মতি কাজী!
মুহাম্মদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ইয়াবা-সম্রাট মতি কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মোল্যা। তিনি জানান, গ্রেপ্তারকৃত মতি কাজী একই গ্রামের দাউদ কাজীর ছেলে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক মাদক মামলার অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর আদালতের জিআর-২২২/১৯ নম্বর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ মার্চ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতি কাজীর বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এসময় তার ভাই ইসলাম কাজীকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের পরদিন রাতে মতি কাজীর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ বিএনপি সমর্থিত কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এসময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়।
ঘটনার প্রতিবাদে পরদিন শত শত নারী-পুরুষ ভাটিয়াপাড়া-মাঝকান্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং ওই গ্রামের আব্দুর রহিম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মতি কাজী।
এসআই বোরহান উদ্দিন আরও জানান, গোপন তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।