শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে এই আবেদন করে জানান, ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে টেন্ডার সিন্ডিকেট, চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও জুট ব্যবসায় কমিশন গ্রহণ, দলীয় পদ-বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন শামীম ওসমান।
দুদকের নথিতে আরও উল্লেখ করা হয়, এসব অবৈধ অর্থ বিদেশে পাচার করে কানাডা-যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনা হয়েছে, দুবাইতে গড়ে তোলা হয়েছে ব্যবসায়িক সাম্রাজ্য। অভিযোগ রয়েছে, শুধু নিজেই নন, পরিবারের সদস্যদের নামেও শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযুক্তরা যেকোনো মুহূর্তে দেশ ছাড়তে পারেন। তাদের বিদেশে পালানোর সম্ভাবনা প্রবল হওয়ায় অনুসন্ধান ব্যাহত হতে পারে বলে আদালতে জানানো হয়। এসব কারণেই আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন, যা আলোচিত এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে।