শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
বাবা-মায়ের বিরুদ্ধে আদালতে এক মেয়ের সাহসী জবানবন্দি!
অনলাইন ডেস্ক
মারধরের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা চেয়ে ঢাকার আদালতে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন এক ইংরেজি মাধ্যম শিক্ষার্থী মেয়ে। তার নাম মেহরীন আহমেদ (১৯)। জানা গেছে, তার বাবা নাসির আহমেদ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক এবং মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার হিসেবে কর্মরত।
রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে নিজের মা-বাবার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মেহরীন। বিচারক এরপর তার জবানবন্দি গ্রহণ করে, মেহরীনের বাবা ও মাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
এ বিষয়ে মামলার আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, ভিকটিম নিজেকে সুরক্ষিত রাখতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মামলাটি করেছেন। আদালত জবানবন্দি গ্রহণ করে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মেহরীন বলেন, “আমার মা-বাবা আমাকে নিয়মিত নির্যাতন করে। আমি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবন চাই। তাই ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।”
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় মেহরীনকে তার বাবা-মা শারীরিকভাবে আঘাত করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং শরীরে নিলাফুলা জখম করেন। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে মেহরীনের ব্যক্তিগত স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করে চলেছেন, তাকে অপমান ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।
এছাড়া, তারা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস ব্যবহারেও বাধা দেন। পারিবারিক সম্পর্কের সূত্রে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা থেকে তাকে বঞ্চিত করা হয়। নিয়মিতভাবে অপমানজনক কথা, হুমকি, অশ্লীল গালিগালাজের মাধ্যমে মানসিক নির্যাতন চালানো হয়। এসবের মাধ্যমে একাধিকবার শারীরিক ও মানসিক সহিংসতা ঘটেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।