শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
জুতার ছায়ায় লুকানো ছিল দুই নিষ্পাপ প্রাণের রহস্য!
অনলাইন ডেস্ক
নির্মাণাধীন ভবনের ফাঁদে হারাল প্রাণ দুই শিশু
ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত দুই শিশু—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। ফয়সাল পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত দুর্গাপুর গ্রামের কাতারপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা দুজনই ইম্পেরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একই ভবনে বসবাস করত।
পুলিশ ও স্বজনদের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে দুই বন্ধু খেলতে বেরিয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক ভবনের সেপটিক ট্যাংকের মুখে এক জোড়া জুতা পড়ে থাকতে দেখে। পরে পানিভর্তি ট্যাংকে আলো ফেলতেই মিলল দুই শিশুর নিথর দেহ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ জানান, দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ট্যাংকে পড়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকটি খোলা অবস্থায় ছিল, যা মালিকের চরম অবহেলার পরিচায়ক। গণমাধ্যমকে তাঁরা বলেন, ভবন মালিকের গাফিলতিতেই এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে।