মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নায়িকা না দুষ্কৃতকারী? নুসরাত ফারিয়াকে নিয়ে বিতর্ক তুঙ্গে!
অনলাইন ডেস্ক
অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে পুরনো এক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য দেন তিনি।
বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে মামলা চলমান থাকলে কি তাকে ছেড়ে দেওয়া যেত? ছেড়ে দিলে আবার প্রশ্ন উঠতো কেন ছেড়ে দেওয়া হলো। বিদেশগমনে নিষেধাজ্ঞা নিয়ে সরকারের একটি সুস্পষ্ট নীতি আছে, সেই নীতির আওতায় থাকা ব্যক্তিদের আটক করা হয়।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আইনের চোখে সবাই সমান। দুষ্কৃতকারীকে শাস্তির আওতায় আনাই আমাদের দায়িত্ব, কিন্তু কোনো নিরীহ মানুষ যেন বিনা দোষে ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করা হবে। নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত এখনো চূড়ান্ত হয়নি।’
এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করলে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিক্রিয়ায় বলেন, ‘তিনি কী বলেছেন তা আমার জানা নেই। তবে সেটি তার নিজস্ব মত। মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশিত।’ — গণমাধ্যম