মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
জুলাই যোদ্ধারা ফিরছে না! আন্দোলন চলছে!
অনলাইন ডেস্ক
জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী হুঁশিয়ার করে বলেছেন, মাঠে এখনও অটল রয়েছে জুলাই যোদ্ধারা—৩১ মে’র মধ্যে সচিবালয়কে দোসরশূন্য করতেই হবে।
বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এক প্রতিবাদ র্যালি শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক ঝলক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জুলাই মাসের রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের ফাটল এবং ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৮০টি সংগঠন মিলে গঠিত প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’ রাস্তায় নামে।
সমাবেশে ইসরাফিল ফরাজী বলেন, ‘গত দুই রাত ধরে শুরু হয় গুজব—নাকি প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন। আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময়ও এ গুজব বাতাসে ভাসে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—জুলাই যোদ্ধারা মাঠে আছেন, একচুলও পিছু হটেনি।’
‘জুলাই যোদ্ধাদের নিরাপত্তা না নিশ্চিত হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। যারা আজ ক্ষমতার দাপট দেখাচ্ছেন, মনে রাখবেন—এই দাপট চিরস্থায়ী নয়। শেখ হাসিনার ১৫ বছরেও জনগণ বিদ্রোহ করেছে, আপনারা নয় মাস কীভাবে টিকবেন? এতটা সরল নয়।’ তিনি বলেন, ‘গত ২০ তারিখে আমরা প্রেস ক্লাব থেকে আলটিমেটাম দিয়েছিলাম।’
ইসরাফিল ফরাজী আরও বলেন, ‘৩১ মে’র আলটিমেটাম আবার মনে করিয়ে দিচ্ছি—এই সময়সীমার মধ্যে যদি সচিবালয় দোসরমুক্ত না হয়, তাহলে পুরো সচিবালয়জুড়ে জুলাই ঐক্য কঠোর কর্মসূচি নেবে।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘কচুক্ষেত, নীলক্ষেত, লালক্ষেত—এসব আমাদের মাথাব্যথা নয়। আমরা বুঝি বাংলাদেশ। যে কেউ বাংলাদেশের পক্ষে থাকবে, আমরা তার পাশে থাকবো। দেশবিরোধী কেউ হলে, আমরাও তার বিরুদ্ধে।’
ইসরাফিল ঘোষণা দেন, ‘এখনই সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার। আপনারাই সময় বেঁধে দিয়েছেন—৩০ দিন। সেই সময় ফুরিয়ে আসছে। সম্মানের সঙ্গে পাশে থাকুন, না হলে পালানোর সুযোগ থাকবে না।’