শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
৪৪৮ কোটির সম্পদের রহস্য! সাবেক মন্ত্রী আজ কড়া নজরদারিতে!
অনলাইন ডেস্ক
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২টি কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব এবং ৩টি বিলাসবহুল গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই সম্পদগুলোর মোট মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ নির্দেশনা দেন। একই সঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এইদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্তাধীন। তদন্তে উঠে আসে, তিনি অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। ফলে তার ও তার ঘনিষ্ঠদের নামে থাকা কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ও যানবাহন জব্দ করা জরুরি হয়ে পড়ে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলায় উল্লেখ করা হয়, সাবেক এই মন্ত্রীর মোট সম্পদ রয়েছে প্রায় ৪৪৮ কোটি টাকা। যার মধ্যে ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা জ্ঞাত আয়ের বাইরে অবৈধভাবে অর্জিত বলে প্রমাণ মিলেছে।
গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, তদন্ত চলাকালীন সময়ে সম্পদ গোপন বা হস্তান্তরের নানা চেষ্টার তথ্য পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন।