শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
রুয়েট শিক্ষার্থীর ধর্মীয় অবমাননার পোস্টে তোলপাড়, ছাত্রত্ব বাতিলের দাবি!
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ওয়াকার কামাল অতুলের একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সহপাঠীরা, অনেকেই তার ছাত্রত্ব বাতিলের দাবি তুলেছেন।
১৩ই মার্চ অতুল তার ফেসবুক আইডি থেকে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেন, যেখানে হজের সঙ্গে পূজার তুলনা করা হয় এবং পবিত্র কাবা শরীফকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “একুশে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে খাম্বা পূজা করা হারাম, কিন্তু সেই খাম্বা cubic হলে সেটার পূজা করা আরাম।”
এই মন্তব্যের পরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিফ রহমান লিখেছেন, “বাকস্বাধীনতার নামে ধর্ম অবমাননা কতটা যুক্তিযুক্ত? এমন অসুস্থ মানসিকতার ছড়াছড়ি রুয়েটে আশঙ্কাজনক!”
যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক আরও কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়!”
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রহমান লিখেছেন, “এ ধরনের ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে!”
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ফাহিমুল হাসান সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া হোক! সিনিয়র-জুনিয়র সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাই।”
বিষয়টি নিয়ে রুয়েট প্রশাসনের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. রবিউল ইসলাম সরকার বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত করা রাষ্ট্রীয় অপরাধ, এটি সমাজের শান্তি বিনষ্ট করতে পারে।”
এদিকে, সহপাঠীরা তার ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে, পাশাপাশি অনেকে প্রশাসনের কাছে ফৌজদারি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন। বিতর্কিত শিক্ষার্থীর ভাগ্যে কী অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়!