শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
জল্পনার অবসান, তমা জানালেন রাফীর সঙ্গে সম্পর্কভাঙার কথা!
অনলাইন ডেস্ক
নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম নিয়ে ঢালিউডে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ দিনগুলোতে একসঙ্গে উপস্থিতি—সব কিছুতেই মিলেছিল প্রেমের আভাস। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই সেই প্রেমে দেখা দেয় ফাটল। সে সময় এক সাক্ষাৎকারে রাফী বলেন, ‘সবটাই ছিল গুঞ্জন, আমরা শুধুই বন্ধু।’ কিন্তু সেই বন্ধুত্বও যে আর আগের মতো নেই, এবার সেটিই সাফ জানিয়ে দিলেন তমা নিজেই।
রাফীর সঙ্গে সম্পর্ক ভাঙনের বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমা বলেন, ‘‘আগের কোনো প্রসঙ্গে এখন কিছু বলতে চাই না। কারণ এসব খুবই ব্যক্তিগত। তবে এটুকু বলতে পারি, তারকাদের ব্যক্তিগত বিষয় আসলে খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ-স্ক্রিনে একসঙ্গে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। অন-স্ক্রিনেও আপাতত কোনো পরিকল্পনা নেই।’’
তিনি আরও বলেন, ‘প্রেম, বন্ধুত্ব বা বিয়ে—যাই বলা হোক না কেন, আড্ডা, দেখা বা যোগাযোগ—এসবকে আমি ছন্দপতন মনে করি না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি নিজের মতো করে আছি, আমরা নিজেদের মতো করেই এগোচ্ছি—এটাই স্বাভাবিক। একই অঙ্গনে কাজ করি বলে কখনও দেখা হতেই পারে, কথা হতেই পারে, এমনকি আড্ডাও হতেই পারে।’
অন্যদিকে, গত বছর তমার জন্মদিনে রাফী তার ফেসবুকে দু’জনের সুন্দর মুহূর্তের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্যাপন করো।’ তমা সেই পোস্ট শেয়ার করেই জানান কৃতজ্ঞতা। কমেন্টে লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান, রাফী।’ যদিও এখন সবটাই শুধুই স্মৃতি।