শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর বিভাজনই দুর্বলতার কারণ। এখন সময় দেশ পুনর্গঠনের—সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, জনগণ বিপুল ভোটে বিএনপিকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে দল ও নেতাকর্মীদের সংযত ও দায়িত্বশীল থাকতে হবে। শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করায় তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতেও সতর্ক ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, রাষ্ট্র গঠনের কাজে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে ঐক্যের বন্ধন অটুট রাখা জরুরি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগ নেবে।
এদিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া শরিক দলগুলো আরও ৩টি আসন পেয়েছে।
বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান।