রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
মন ভালো রাখার বার্তা নিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব চত্বরে মেডিটেশন দিবস উদযাপন করা হয়। রোববার সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত আয়োজিত এ মেডিটেশনে অংশ নেন শত শত নারী ও পুরুষ।
এই মেডিটেশন মানসিক প্রশান্তি ও সুস্থতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। জাতিসংঘ ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাজধানীর নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শান্তিকামী মানুষ প্রেসক্লাবে সমবেত হন। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে ভালো থাকার অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অংশগ্রহণকারীরা মেডিটেশনের মাধ্যমে নীরবে নিজের অন্তর্জগতে নিমগ্ন হন।
বৈজ্ঞানিক মেডিটেশন পদ্ধতি কোয়ান্টাম মেথডের উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক অনুষ্ঠানে পাঠানো এক অডিও বার্তায় বলেন, কোয়ান্টাম গত তিন দশক ধরে বলে আসছে—মন ভালো থাকলে সবকিছুই ভালো থাকে। ২০২৪ সালে জাতিসংঘ ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস ঘোষণা করায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মেডিটেশন অনুশীলনকারীদের মনেও আনন্দের সঞ্চার হয়। কোয়ান্টাম ২০২৫ সালকে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে ঘোষণা করেছে। ফলে সমাজের সর্বস্তরে মেডিটেশন চর্চা নতুন মাত্রা পেয়েছে।