বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করার পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি করলেও ফল মেলেনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। তিনি বলেন, “পুলিশ যদি ছাড়ত, তবে কুষ্টিয়া থেকেই ছেড়ে দিত, ঢাকায় আনার পর নয়। দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, “পালানো ওসিকে এখনো ধরা সম্ভব হয়নি। আমার ধারণা, তিনি ইন্ডিয়া বা কোনো পাশের দেশে পালিয়ে গেছেন।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় গত ৮ জানুয়ারি উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। ৯ জানুয়ারি দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই তিনি থানা থেকে পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, হত্যামামলার আসামি শাহ আলমকে থানার হাজতখানায় না রেখে ওসির ব্যক্তিগত কক্ষে রাখা হয়। এই সুযোগে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক ওসিকে ধরতে র্যাব, সেনাবাহিনী ও পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে, কিন্তু এখনো কোনো সাফল্য আসেনি।
পালানোর বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ সদস্যরা একটু সহানুভূতি দেখাতে গিয়ে ওসির রুমে রেখেছিল। হাজতখানায় রাখা হলে হয়তো এমনটি ঘটত না। দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টরের অবহেলার সুযোগে তিনি পালিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে মনে হয়, তিনি এ দেশে আর নেই। হয়তো ইন্ডিয়া বা অন্য কোথাও পালিয়ে গেছেন।”
এদিকে সভায় উপস্থিত ছিলেন ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া সম্পাদক রকিবুল ইসলাম মানিক, তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান এবং মোহাম্মদ জাকারিয়া।
ডিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডেপুটি কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, শাহ মো. আব্দুর রউফ এবং সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির।