রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
চাঁদ উঠলেই ঈদ, প্রস্তুত মুসলিম বিশ্ব!
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহার আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে সারা মুসলিম বিশ্বে। জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় এই ত্যাগ ও কোরবানির ঈদ। এবার ঈদের চাঁদ কবে দেখা যেতে পারে, তা নিয়ে জানালো সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (২৩ মে) ‘গণমাধ্যম’ খালিজ টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার ঘনঘন হিসাব অনুযায়ী, ২৮ মে বুধবার আরব বিশ্বে জিলহজ মাসের সূচনা হতে পারে। সেই হিসেবে, ৬ জুন শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপনের প্রবল সম্ভাবনা রয়েছে।
আরবি দৈনিক আল এমারাত আল ইয়াওমকে দেওয়া এক সাক্ষাৎকারে আল জারওয়ান বলেন, ২৭ মে মঙ্গলবার আমিরাত সময় সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদ আকাশে উদিত হবে। সূর্যাস্তের সময় চাঁদ থাকবে প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান। অর্থাৎ, চাঁদ দেখার মতো অনুকূল পরিবেশ থাকবে।
তবে তিনি স্পষ্ট করে দেন, চাঁদ দেখার ভিত্তিতে ঈদের চূড়ান্ত ঘোষণা দেবে ইসলামি শরিয়ার বিধি অনুযায়ী অনুমোদিত কর্তৃপক্ষ।
এর আগে খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছিল, কাতারে সরকারি ছুটি শুরু হবে জিলহজের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিন থেকে—যা ইসলামে পবিত্রতম এক দিন হিসেবে বিবেচিত।
যেহেতু ইসলামি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল, তাই এখনো কাতারে ঈদের নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে, কাতারে ঈদুল আজহা হতে পারে ৬ জুন।
২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি কাতারে বৈঠকে বসবে। সেদিন চাঁদ দেখা গেলে ৬ জুন ঈদ উদযাপিত হবে; অন্যথায় ঈদের দিন পিছিয়ে গিয়ে হবে ৭ জুন।