রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
জুলফিকার হাতে খামেনি ফিরলেন— শুরু হলো খাইবারের লড়াই!
অনলাইন ডেস্ক
মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপসহীন লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ‘শুরু হলো প্রতিরোধের যুদ্ধ’— এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইসরায়েলের উদ্দেশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতৃত্বের লাগাতার হুমকির জবাবে এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন খামেনি। সিরিজ এক্স পোস্টে জানালেন, ইসরায়েলের বিরুদ্ধে জয়ের অদম্য প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামিক রিপাবলিক।
ইসরায়েলের অপারেশন ‘রাইজিং লায়ন’-এর জেরে একে একে বিশ্বস্ত সহযোদ্ধাদের হারাচ্ছেন খামেনি। কিন্তু তবুও অটুট তিনি, ভয়হীনভাবে এগিয়ে চলেছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট থেকে লাগাতার আসছে প্রাণনাশের হুমকি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেসব হুমকিকে পরোয়া না করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মাত্র দু’দিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন— খামেনির মৃত্যু মানেই দ্বন্দ্বের অবসান। তার পরদিন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করেন— সাদ্দাম হোসেনের মতো করুণ পরিণতির মুখোমুখি হতে পারেন ৮৬ বছর বয়সী এই নেতা।
হুমকিতে পিছিয়ে নেই মার্কিন প্রশাসনও। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জানান, খামেনির অবস্থান তাদের জানা। যদিও এখনই হত্যা করবেন না বলে জানান, তবে তাদের ধৈর্যের সীমানা ক্রমেই শেষ হয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
এই সবকিছুর প্রেক্ষিতে, এবার নিজের এক্স অ্যাকাউন্টে একাধিক বার্তা দিয়ে শক্ত অবস্থান জানিয়ে দিলেন খামেনি। জানিয়ে দিলেন— ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আপস নয়। কোনো প্রকার ছাড়ও নয়।
একটি পোস্টে স্মরণ করলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (র)-কে। লিখলেন, ‘সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ উল্লেখ করলেন, জুলফিকার হাতে খাইবারের মাটিতে ফিরছেন আলি।
ইতিহাসে খাইবার ছিল আরবের ইহুদি শক্তির অন্যতম দুর্গ। সেই দুর্গ জয় করেছিলেন হযরত আলি (র)। খামেনির পোস্টে ছিল সেই ইতিহাসের প্রতিধ্বনি। ‘সুরক্ষিত এক শহর আক্রান্ত’— এমন বার্তার সঙ্গে ছিল একটি প্রতীকী ছবি।
আরেকটি পোস্টে কুরআনের আয়াত উদ্ধৃত করে খামেনি দৃপ্ত প্রত্যয়ে জানান— আল্লাহর ইচ্ছায়, ইসলামিক রিপাবলিকই জয়ী হবে ইসরায়েলের বিরুদ্ধে।