বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররমে: আনন্দের বন্যায় ভাসল ধর্মপ্রাণ মুসল্লিরা!
উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।
সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় এই বিশেষ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, এরপর এক ঘণ্টা পরপর আরও চারটি জামাত হবে, সর্বশেষটি বেলা পৌনে ১১টায়।
রোববার (৩০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী, মুকাব্বির ছিলেন হাফেজ আতাউর রহমান।
দ্বিতীয় জামাতে ইমাম ছিলেন মাওলানা মিজানুর রহমান, তৃতীয় জামাতে মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান খান, চতুর্থ জামাতে ড. মুশতাক আহমদ, আর সর্বশেষ জামাতে ইমামতি করেন মুফতি মো. আব্দুল্লাহ।
যদি কোনো ইমাম অনুপস্থিত থাকেন, তাহলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা জাকির হোসেন।
এদিকে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজন করেছে।
তবে প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে ঈদগাহে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এ জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং মোকাব্বির থাকবেন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান।
শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া এই তথ্য নিশ্চিত করেন।