বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
“গুলশানে বন্দুকযুদ্ধ: ৩৫ বছর বয়সী সুমনকে গুলি করে হত্যা!”
ঢাকার গুলশানে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার কাছে দুর্বৃত্তদের গুলিতে ৩৫ বছর বয়সী সুমন নিহত হন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারফ আহমেদ সাংবাদিকদের এ ঘটনা নিশ্চিত করেছেন। সুমন মহাখালী টিভিগেট এলাকায় একটি ইন্টারনেট সংযোগ অফিসে কর্মরত ছিলেন এবং তার বাড়ি রংপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাটি পুলিশ প্লাজার উত্তর পাশে ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সুমনকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, সুমনের মাথা ও বুকে গুলির চিহ্ন ছিল।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, “গুলশানে গুলিতে একজন নিহত হয়েছে। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।” তিনি আরও জানান, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।