বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তরের সামনে আজ সোমবার সকাল থেকেই উত্তেজনা! শত শত কর্মকর্তা-কর্মচারীর কণ্ঠে একটাই স্লোগান—”বিমানবন্দর আমাদের, রক্ষা করবো আমরা!” কারণ, সম্প্রতি সরকার প্রস্তাব করেছে বিমান বাহিনীর ৭০ শতাংশ সদস্যদের নিয়ে নতুন “এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স” গঠনের পরিকল্পনা। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বিক্ষোভে ফেটে পড়েছেন সিভিল অ্যাভিয়েশনের কর্মীরা।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিভিল অ্যাভিয়েশন নিজস্ব জনবল দিয়েই বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু নতুন এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন বহু কর্মকর্তা-কর্মচারী। তাঁদের দাবি, “আমরা বছরের পর বছর অভিজ্ঞতা অর্জন করেছি, অথচ এখন আমাদের বাদ দিয়ে অন্যদের বসানো হচ্ছে!”

প্রতিবাদকারীরা আরও অভিযোগ করেন, বিমান বাহিনীর সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হলেও বেসামরিক বিমানবন্দরের জটিল নিরাপত্তা ব্যবস্থাপনায় তাঁদের অভিজ্ঞতা কম। এ ছাড়া, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, যা পুরো এভিয়েশন সেক্টরের জন্য অস্থিতিশীলতা বয়ে আনতে পারে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, “যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনে যাব!” এমনকি আন্তর্জাতিক বিমান চলাচলে বাধা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তারা। এক পর্যায়ে চেয়ারম্যান তাদের সাথে কথা বলতে আসলে তারা তাকে ভূয়া-ভূয়া বলে ধ্বনি দেয় এবং তার পদত্যাগ দাবী করে স্লোগান দেয়।
এই ইস্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে অন্দরমহলের খবর, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এখন দেখার বিষয়, এই উত্তপ্ত পরিস্থিতি কীভাবে সামাল দেয় প্রশাসন!