বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রাজধানীর ডেমরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাহমুদ বাবু ব্যাপারী (২৫) নামে এক তরুণ শিক্ষার্থীর। তার সঙ্গে থাকা বান্ধবী তনিমা আক্তার (২২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একটি কল সেন্টারে চাকরি করতেন। আহত তনিমা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।
ডেমরা থানার এসআই সুজন চন্দ্র রায় জানান, মাহমুদ তার বান্ধবীকে মোটরসাইকেলে নিয়ে ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারান। তাদের মোটরসাইকেল সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে এবং ঠিক সেই মুহূর্তে ১০ চাকার একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহমুদ মারাত্মকভাবে আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ১৫ মিনিটে মাহমুদ মারা যান।
আহত তনিমাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে।
মাহমুদের বড় ভাই আরাফাত হোসেন শাওন জানান, মাহমুদ ও তনিমার পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চলছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেওয়ার আগেই চিরতরে শেষ হয়ে গেল।
নিহত মাহমুদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মিরপুর-১ নম্বরে থাকতেন, বাবা-মা ছিলেন গ্রামের বাড়িতে। ছয় ভাই-বোনের মধ্যে মাহমুদ ছিলেন সবার ছোট।
ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটিকে হারানোর যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন তনিমা—অন্যদিকে, গ্রামের বাড়িতে কান্নার রোল উঠেছে মাহমুদের পরিবারে।