বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
গত এক সপ্তাহে পেঁয়াজের বাজারে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। মাস খানেক পর ব্রয়লার ও সোনালি মুরগির দামও বাড়তি। তেলের দামও বেড়েছে ২-৭ টাকা। চালের বাজার স্থিতিশীল থাকলেও আলুর দাম কিছুটা কমেছে। অন্যদিকে, কয়েক সপ্তাহ ধরে সবজির বাজার তুলনামূলকভাবে সস্তা রয়েছে।
গতকাল রাজধানীর কাওরান বাজার, হাতিরপুল, শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং তেজগাঁওয়ের কলমীলতা বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
খুচরা বাজারে গতকাল দেশি নতুন পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। দশ দিন আগে এই দাম ছিল ৪০-৫০ টাকা, অর্থাৎ প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। এছাড়া, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের মতে, বর্তমানে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে এবং আমদানি কম হয়েছে। কিছুদিন আগে পেঁয়াজের দাম কমে ৪০-৫০ টাকায় নেমেছিল। এতে চাষিরা তেমন লাভ করতে পারছিলেন না। ফলে চাষিরা দাম কিছুটা বাড়িয়েছেন।
ব্রয়লার ও সোনালি মুরগির দাম এক মাসের বেশি সময় ধরে চড়া। এখন বাজারভেদে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩২০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও এই দাম ৩০-৪০ টাকা কম ছিল।
কারওয়ান বাজারের এক মুরগি বিক্রেতা জানিয়েছেন, সাধারণত মুরগির দাম কয়েক দিন পরপর ওঠানামা করে। তবে এবার এক মাসের বেশি সময় ধরে দাম একই স্থানে আছে। তবে ফার্মের মুরগির ডিমের দাম তুলনামূলক কম। গতকাল এক ডজন ডিম ১২৫-১৩০ টাকায় বিক্রি হয়েছে।
আমনের ভরা মৌসুম চলছে। এর মধ্যেও চালের দাম বেশি। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, খুচরা বাজারে মোটা চাল ৫৪-৫৮ টাকা, মাঝারি চাল ৬০-৬৫ টাকা এবং সরু চাল ৭০-৭৪ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবির হিসাব অনুযায়ী, এক মাসের ব্যবধানে মোটা চালে ৩-৪ টাকা, মাঝারি চালে ২ টাকা এবং সরু চালে ২-৪ টাকা দাম বেড়েছে। তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, টিসিবির হিসাবের চেয়ে বাজারে চালের দাম সামান্য বেশি।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে ডিলাররা এখনো চাহিদা অনুযায়ী সরবরাহ করছেন না। ঢাকার চারটি বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে মাত্র এক-দুটি ব্র্যান্ডের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বোতলজাত তেলের সরবরাহ সংকট প্রায় দুই মাস ধরে চলছে। টিসিবির তথ্যমতে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২-৭ টাকা বেড়েছে।
সবজির ভরা মৌসুম হওয়ায় দাম তুলনামূলক কম। তবে কয়েকটি নির্দিষ্ট সবজির মৌসুম না থাকায় সেগুলোর দাম বেশি। যেমন বরবটি ও করলা এখন কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দাম তুলনামূলকভাবে কম।
বর্তমানে লম্বা বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, শসা ৪০ টাকা, শালগম ২০ টাকা, মুলা ২০ টাকা, টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, বিচিওয়ালা শিম ৬০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, মটরশুঁটি ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, আলু ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, ক্ষিরা ৪০ টাকা, গাজর ৫০ টাকা এবং কাঁচা টমেটো ২০ টাকায় বিক্রি হচ্ছে।