সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সাদিকা জাহান
খাবারের স্বাদ রক্ষা করতে লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে লবণের ব্যবহার যত কম রাখা যায় ততই ভালো। অনেক সময় অসাবধানতাবশত রান্নায় বেশি লবণ পড়ে যায়, যা পুরো খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে খাবার ফেলে না দিয়ে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যা খাবারের অতিরিক্ত লবণ কমাতে সহায়ক হবে।
আটা দিয়ে বল তৈরি: রান্নায় বেশি লবণ পড়ে গেলে আটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে রান্নায় ছেড়ে দিন। আটা অতিরিক্ত লবণ শোষণ করে নেবে। কিছুক্ষণ পর বলগুলো তুলে ফেলুন। এতে খাবারের স্বাদ অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
দুধ বা ক্রিম ব্যবহার: তরকারিতে অতিরিক্ত লবণ পড়ে গেলে ফুল ফ্যাট দুধ মিশিয়ে দিতে পারেন। এতে লবণের তীব্রতা অনেকটাই কমে যাবে। দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যেতে পারে, যা খাবারের স্বাদে ভারসাম্য আনবে।
টক দইয়ের ব্যবহার: মাছ বা মাংসের ঝোলে লবণ বেশি পড়ে গেলে এক চামচ টক দই মিশিয়ে দিন। এটি খাবারের লবণাক্ততা কমাতে কার্যকর ভূমিকা রাখে এবং স্বাদে একটি ভিন্নমাত্রা যোগ করে।
আলু কৌশল: মাছ বা মাংসের তরকারিতে লবণ বেশি পড়ে গেলে একটি আলু খোসা ছাড়িয়ে টুকরা করে রান্নায় মিশিয়ে দিন। আলু লবণ শোষণ করে নেবে এবং তরকারির স্বাদ স্বাভাবিক হয়ে আসবে।
পেঁয়াজ ব্যবহার: রান্নায় বেশি লবণ পড়লে পেঁয়াজ ভেজে মিশিয়ে দিতে পারেন। এমনকি কুচি করে কাঁচা পেঁয়াজও মেশানো যেতে পারে। পেঁয়াজের মিষ্টি স্বাদ খাবারের অতিরিক্ত লবণকে সামঞ্জস্যপূর্ণ করবে।
লবণ বেশি হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই। উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই খাবারের অতিরিক্ত লবণ নিয়ন্ত্রণ করা যায়। স্বাস্থ্য ও স্বাদ বজায় রেখে উপভোগ করুন প্রিয় খাবার।