শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সাদিকা জাহান
নিম দাঁতের যত্নে অত্যন্ত কার্যকর একটি প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত। দাঁতের সুস্থতা নিশ্চিত করতে প্রতিদিন দুইবার ব্রাশ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা—একবার সকালে ঘুম থেকে উঠে ও আরেকবার রাতে খাবার পর। তবে প্রচলিত টুথব্রাশের তুলনায় অনেক বেশি উপকার পাওয়া যায় নিমের কাঠি ব্যবহারে, এমনটাই মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
নিমের তেতো স্বাদ কেবল মুখের রুচি বাড়ায় না, এর ভেষজ গুণও অসাধারণ। এটি স্বাভাবিকভাবে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী হওয়ায় দাঁতকে ভালোভাবে পরিষ্কার রাখতে পারে এবং দীর্ঘমেয়াদে প্লাক জমা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, দাঁত ও মাড়ির সুস্থতা নিশ্চিত করতে নিমের নির্যাসযুক্ত টুথপেস্ট ব্যবহার করাই সহজতর পদ্ধতি। বাজারে বেশ কিছু ব্র্যান্ডের টুথপেস্টে নিমের নির্যাস ব্যবহার করা হয়, যা দাঁতের জন্য উপকারী হতে পারে। দিনে অন্তত দু’বার এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে ভালো ফলাফল পাওয়া যায়।
যদি দাঁতে পোকা ধরার সমস্যা থাকে, তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিমের কাঠি ব্যবহারে উপকার মিলতে পারে। তবে নিম কাঠি সঠিকভাবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।
প্রথমে নিম কাঠির একটি মাথা চিবিয়ে নরম করে নিতে হয়, যাতে এর প্রাকৃতিক অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান কার্যকর হয়। তবে ব্যবহারের আগে নিম কাঠি ভালোভাবে পরিষ্কার করা জরুরি। গাছের ডাল থেকে কাঠি ভাঙার পর সেটি ধুয়ে নিতে হবে। পাশাপাশি, দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে।