বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
পাঁচটি আরব দেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ওই দেশগুলো কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল। অভিযুক্ত দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক চিঠিতে বিষয়টি জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি জামাল ফারেসের কাছে তুলে ধরা হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি এই চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে প্রমাণ পাওয়া গেছে যে উল্লিখিত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। এ সংক্রান্ত তথ্য আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
আমির সাঈদ ইরাভানি তার বক্তব্যে বলেন, আগের প্রতিবেদনেও ইরান উল্লেখ করেছে যে আগ্রাসী শক্তি (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) এসব দেশের ভূখণ্ড ব্যবহার করেছে এবং কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতে বেআইনি হামলায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে।
চিঠিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট পাঁচটি দেশ তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। তাই ইরানের ওপর হওয়া সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির দায় তাদের বহন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়, যাতে বহু মানুষ হতাহত হয়। এর জবাবে ইরান ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলেও গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।