রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
আলাস্কার সাগরে ভূকম্পন, আতঙ্কে সুনামি আশঙ্কায় জনপদ তোলপাড়
অনলাইন ডেস্ক
আলাস্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে বুধবার হঠাৎ করেই কেঁপে উঠল মাটি। ৭ দশমিক ৩ মাত্রার এক প্রবল ভূমিকম্প জনমানবহীন অঞ্চল কাঁপিয়ে তোলে, যার পরপরই যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন প্রথমে সুনামি সতর্কতা জারি করে, পরে তা কমিয়ে এনে সুনামি পরামর্শে পরিণত করে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে গণমাধ্যম জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল হোমার শহর থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সেই অঞ্চল থেকে শুরু করে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রায় ১ হাজার ১২৬ কিলোমিটার জুড়ে সতর্কতা কার্যকর রাখা হয়। যদিও অঞ্চলটি জনবিরল, তবে কোডিয়াক শহরের প্রায় ৫ হাজার ২০০ জন বাসিন্দা কিছুটা আতঙ্কে রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, প্রথম সম্ভাব্য সুনামি তরঙ্গ স্যান্ড পয়েন্ট নামের এক ছোট্ট উপকূলীয় গ্রামে আঘাত হানতে পারত। পপোফ দ্বীপে অবস্থিত এই গ্রামে মাত্র ৫৮০ জনের বসবাস। যদিও ভূমিকম্পের এক ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান রাজ্য জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জেরেমি জিডেক।
তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা অতীতেও দেখেছি যে এমন ভূমিকম্পে কখনও কখনও সুনামি হয় না। তবুও পুরো পরিস্থিতিকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি।”
ভূমিকম্পের পরই উনালাস্কা শহরের বাসিন্দাদের অন্তত ৫০ ফুট উঁচু জায়গায় বা ১.৬ কিলোমিটার ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শহরটিতে প্রায় ৪ হাজার ১০০ জনের বসবাস। একইসঙ্গে কিং কোভ শহরেও উপকূলীয় লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
কোডিয়াক পুলিশ বিভাগ তাদের সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।
এদিকে, ওয়াশিংটন ও হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আলাস্কার এই ভূমিকম্প তাদের রাজ্যে সুনামির কোনো হুমকি তৈরি করেনি। ডার্ট বুয়ির মাধ্যমে সমুদ্রতলের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে, বড় ধরনের সুনামি হচ্ছে না।
আঙ্করেজ শহরের বাসিন্দারা যদিও সতর্কবার্তা পেয়েছেন, শহরের নিজস্ব জরুরি বিভাগ আশ্বস্ত করেছে—এই শহরের জন্য কোনো সরাসরি সুনামির ঝুঁকি নেই।
শক্তিশালী ভূকম্পনের পরও বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে উপকূলজুড়ে সতর্কতা ও নজরদারি এখনো অব্যাহত আছে।